‘আলো’ প্রদর্শনী ঘুরে দেখলেন জয়া আহসান: সবাইকে একবার আসার পরামর্শ
সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলোর পুড়ে যাওয়া ভবন নিয়ে শিল্পী মাহ্বুবুর রহমান তৈরি করেছেন ‘আলো’ শীর্ষক প্রদর্শনী। এতে অংশ নিয়েছেন সরকারের প্রতিমন্ত্রী, খ্যাতিমান চিত্রশিল্পী, কূটনীতিক, অভিনয়শিল্পীসহ বিভিন্ন পেশার মানুষ। প্রদর্শনীতে পুড়ে যাওয়া কম্পিউটার, যন্ত্রাংশ, ভাঙা আসবাব ও বইপত্রের ধ্বংসাবশেষ দেখে দর্শকরা আবেগতাড়িত হয়েছেন।
আজ বুধবার দুপুরে প্রদর্শনী ঘুরে দেখেন অভিনেত্রী জয়া আহসান। তিনি বলেন, “এর আগে হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়ামে গিয়ে খুব কষ্ট পেয়েছিলাম, এখানে এসেও অনেক খারাপ লাগছে। যে জায়গাটা একসময় কর্মচঞ্চলতায় মুখর ছিল, সে জায়গাটা এখন কঙ্কালসার হয়ে গেছে।”
প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি জয়া ব্যক্তিগত স্মৃতি ও বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেন। তিনি আশা প্রকাশ করেন, ভবনে পুনরায় স্বাভাবিক জীবন ও কর্মচঞ্চলতা ফিরুক। জয়া বলেন, “সত্যটাকে মেনে নিয়ে, আবার তা থেকে জীবন খোঁজা অসাধারণ একটা থিম মনে হয়েছে। সবাইকে বলব একবার করে এসে প্রদর্শনী ঘুরে দেখা উচিত। সাম্প্রতিক কালে আমি যেসব প্রদর্শনী দেখেছি, এর মাঝে এটিকে দুর্দান্ত আইডিয়া মনে হয়েছে।”
শিল্পী মাহ্বুবুর রহমানের ‘আলো’ প্রদর্শনী শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি, এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রদর্শনী কারওয়ান বাজারে পুড়ে যাওয়া প্রথম আলোর ভবনে অনুষ্ঠিত হচ্ছে, প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং ৩টা থেকে ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
প্রবাহ নিউজ
