চট্টগ্রাম ও কুমিল্লায় আগুনে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি জানান, চট্টগ্রামের ঘটনায় ভর্তি সাতজনের অবস্থাই আশঙ্কাজনক। একই দিনে কুমিল্লায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে দগ্ধ চারজনের মধ্যে এক শিশু ছাড়া তিনজনের অবস্থা গুরুতর। তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি প্রত্যেক রোগীর জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এ সময় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, গ্যাস সিলিন্ডার ব্যবস্থাপনা নিয়মের মধ্যে এনে মানবসৃষ্ট দুর্ঘটনা কমানোর উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ্য, সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহর থানার ওয়াপদা মোড়ে ‘ফাতেমা মঞ্জিল’ নামের একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন দগ্ধ হন। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে, যাদের শরীরের শতভাগ দগ্ধ ছিল।
প্রবাহ নিউজ