টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে টিকে থাকার জন্য ভারতের আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপার এইটে ভারতের গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ভারত ও জিম্বাবুয়ে। আজকের ফলাফল অনেক কিছু নির্ধারণ করবে।
সুপার এইটে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত কঠিন সমীকরণে পড়ে গেছে।
সুপার এইট পয়েন্ট টেবিল (গ্রুপ ১)
১. ওয়েস্ট ইন্ডিজ — ২ পয়েন্ট (১ ম্যাচ), নেট রান রেট +৫.৩৫০
২. দক্ষিণ আফ্রিকা — ২ পয়েন্ট (১ ম্যাচ), নেট রান রেট +৩.৮০০
৩. ভারত — ০ পয়েন্ট (১ ম্যাচ), নেট রান রেট -৩.৮০০
৪. জিম্বাবুয়ে — ০ পয়েন্ট (১ ম্যাচ), নেট রান রেট -৫.৩৫০
বৃহস্পতিবার বিকেল ৩টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। একই দিনে সন্ধ্যা ৭টায় চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে ভারত খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।
গ্রুপ ১–এর বাকি ম্যাচ সূচি
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে (বিকেল ৩টা)
১ মার্চ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (সন্ধ্যা ৭টা)
সম্ভাব্য সমীকরণ
ভারতের জন্য সেরা পরিস্থিতি:
আজ দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায় এবং ভারত জিম্বাবুয়েকে পরাজিত করে, তাহলে পয়েন্ট টেবিল হবে—
১. দক্ষিণ আফ্রিকা — ৪ পয়েন্ট
২/৩. ওয়েস্ট ইন্ডিজ — ২ পয়েন্ট
২/৩. ভারত — ২ পয়েন্ট
৪. জিম্বাবুয়ে — ০ পয়েন্ট
এক্ষেত্রে প্রোটিয়ারা সেমিফাইনাল নিশ্চিত করবে। ১ মার্চ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের বিজয়ী দল নেট রান রেট বিবেচনা ছাড়াই শেষ চারে উঠবে।
পরিস্থিতি ২:
যদি ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারায় এবং ভারত জিম্বাবুয়েকে পরাজিত করে, তাহলে চিত্র হবে—
১. ওয়েস্ট ইন্ডিজ — ৪ পয়েন্ট
২/৩. দক্ষিণ আফ্রিকা — ২ পয়েন্ট
২/৩. ভারত — ২ পয়েন্ট
৪. জিম্বাবুয়ে — ০ পয়েন্ট
এক্ষেত্রে ভারতের সামনে কঠিন সমীকরণ দাঁড়াবে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেট বাড়াতে হবে। পাশাপাশি প্রার্থনা করতে হবে, জিম্বাবুয়ে যেন দক্ষিণ আফ্রিকাকে হারায় অথবা দক্ষিণ আফ্রিকা খুব সামান্য ব্যবধানে জেতে যাতে তাদের নেট রান রেট ভারতের চেয়ে বেশি না হয়।
পরিস্থিতি ৩:
যদি ভারত জিম্বাবুয়ের কাছে হেরে যায়, তাহলে প্রায় বিদায় নিশ্চিত। তবে সামান্য সম্ভাবনা তখনও থাকবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে দুই দলকেই হারাতে হবে। এরপর ভারতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেতে হবে। তখন দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ৬, আর ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পয়েন্ট হবে ২ করে। সেমিফাইনালে উঠবে সেরা নেট রান রেটধারী দল।
প্রবাহ নিউজ