বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, হাকিমপুর উপজেলার ১নং খট্টামাধাবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওসার রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত কাওসার রহমান হাকিমপুর উপজেলার চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। সূত্রের খবর, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সহ-সভাপতি ছিলেন। তবে ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে অংশগ্রহণ করে নির্বাচিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ করে ৯০/১০০ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি দায়ের করেছিলেন নিহত শিক্ষার্থী সূর্যের বড় ভাই সুজন মিয়া।
উল্লেখ্য, ওই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় কাওসার রহমান পলাতক ছিলেন। পরবর্তীতে উচ্চ আদালতের জামিনে বের হয়ে তিনি আদালতের আদেশ অনুযায়ী চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রবাহ নিউজ