আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার বাটিকাডাঙা চার রাস্তার মোড়ে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–সমর্থকদের বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে বাটিকাডাঙা চার রাস্তার মোড়ে বিএনপির স্থানীয় কার্যালয়ের সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম অভিযোগ করেন, দেশীয় অস্ত্র নিয়ে একদল বিএনপি নামধারী ব্যক্তি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ–এর লোকজনও জড়িত থাকতে পারে।
সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী বাটিকাডাঙা মোড় থেকে শিবরামপুর মোড় পর্যন্ত অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিক্ষুব্ধরা সরে যায়।
মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম (পিপিএম) জানান, সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এবং কারা হামলায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রবাহ নিউজ