চব্বিশ সালের ৫ আগস্টের পর একটি সুবিধাবাদী শ্রেণি অহেতুকভাবে অনেকের নামে মামলা দায়ের করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এসব মামলা ভোগান্তি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের সংশ্লিষ্টতার প্রশ্নই ওঠে না। বিষয়গুলো খতিয়ে দেখে যাতে কেউ হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, পুলিশের জনবল সংকট দূর করতে শিগগিরই শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, চেইন অব কমান্ড বজায় রাখা হবে এবং বিধির বাইরে কোনো প্রটোকল দেওয়া হবে না। পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না বলেও তিনি জানান, তবে পুলিশের জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। জনগণের বন্ধু হিসেবে পুলিশকে প্রতিষ্ঠা করতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রবাহ নিউজ