দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এর নির্দেশক্রমে এ সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আহমেদুর রহমান তনু দলের কেন্দ্রীয় সদস্য ছিলেন এবং তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আহমেদুর রহমান তনু বলেন, ‘অলটারনেটিভ’ নামের একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়া এবং সর্বশেষ দলীয় বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলার কারণেই তাকে এ শাস্তি দেওয়া হয়ে থাকতে পারে। তবে বিষয়টি ব্যক্তিগতভাবে জানানো যেত বলেও মন্তব্য করেন তিনি।
প্রবাহ নিউজ