পিলখানা বিডিআর হত্যাকাণ্ড ও বিস্ফোরক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজমসহ তৎকালীন মন্ত্রিসভার প্রভাবশালী কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (স্পেশাল পিপি) বোরহান উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় প্রায় ১ হাজার ২০০ সাক্ষীর মধ্যে ৩০০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে এবং গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষীর জবানবন্দিতে সংশ্লিষ্টদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। এসব তথ্যের ভিত্তিতেই তাদের মামলায় অন্তর্ভুক্ত করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং এতে আসামির সংখ্যা প্রায় সাড়ে ৮শ। উল্লেখ্য, ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।
প্রবাহ নিউজ