জনপ্রশাসনে শুদ্ধি অভিযান শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া বিশেষ রাজনৈতিক আদর্শের কর্মকর্তাদের বলয় ভেঙে প্রশাসন ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার পর থেকেই সচিবালয়ে নিয়মিত অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের উপস্থিতিও তদারকি করা হচ্ছে। ইতোমধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ সচিবের চুক্তি বাতিল ও তিন সচিবকে প্রত্যাহার করা হয়েছে, পাশাপাশি সচিব পর্যায়ে রদবদল চলছে। আরও কিছু অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের বদলি এবং প্রয়োজন হলে ওএসডি করার বিষয় বিবেচনায় রয়েছে। প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের তালিকা তৈরির কাজও শুরু হয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বৈঠকে সংবিধান ও আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়ে বলেছেন, সচিবরা সরকারের অংশ—কোনো দলের নয়; মূল্যায়ন হবে মেধা ও কাজের ভিত্তিতে। একই সঙ্গে অফিস সময় নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করলে শাস্তিমূলক ব্যবস্থার কথাও উল্লেখ রয়েছে। রমজানে বিকেল ৩টা ৩০ মিনিটের আগে এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
প্রবাহ নিউজ