ডিএমপি কমিশনার পদ থেকে পদত্যাগ করলেন শেখ মো. সাজ্জাত আলী
পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটার দিকে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান। তিনি ২০২৪ সালের ২১ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে পুলিশ বাহিনীকে পুনর্গঠনের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার তাকে এ দায়িত্ব দেয়। চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পালনকালে রাজধানীর ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পেশাদারিত্ব ও দৃঢ় নেতৃত্বের জন্য তিনি প্রশংসিত হন। ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করা সাজ্জাত আলী অতিরিক্ত পুলিশ সুপার, উপ-পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ডিআইজি পদে পদোন্নতির পর হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ, ঢাকা রেঞ্জ ও পুলিশ সদরদপ্তরে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ৩ নভেম্বর অতিরিক্ত আইজিপি পদে কর্মরত অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এছাড়া তিনি বর্তমান সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেন।
প্রবাহ নিউজ







