রাশমিকা বিজয়ের বিয়ে উদয়পুরে, সেই বিলাসবহুল হোটেলে এক রাতের ভাড়া কত?
রাজস্থানের হ্রদ–নগরী উদয়পুর–এ বসতে যাচ্ছে দক্ষিণের জনপ্রিয় দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা–র বহুল আলোচিত বিয়ে। আগামী ২৬ ফেব্রুয়ারি তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে বিলাসবহুল রিসোর্ট ITC Mementos Udaipur–এ। আরাবল্লী পর্বতমালার কোলে অবস্থিত এই রিসোর্টটি রাজকীয় স্থাপত্য, বিস্তীর্ণ সবুজ প্রাঙ্গণ ও নিরিবিলি পরিবেশের জন্য পরিচিত। শহরকেন্দ্র থেকে প্রায় ২৫–৩০ কিলোমিটার দূরের এ ভেন্যুতে প্রায় ১০০ জন ঘনিষ্ঠ অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে। রিসোর্টের আরাবল্লী স্যুট (প্রায় ৮৫ বর্গমিটার)–এর প্রতি রাতের ভাড়া আনুমানিক ৮৬ হাজার রুপি, যেখানে ব্যক্তিগত সুইমিংপুল ও পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগের সুযোগ রয়েছে। আরও বড় ‘মেমেন্টোস স্যুট’ (প্রায় ১২৭ বর্গমিটার)–এর প্রতি রাতের ভাড়া প্রায় ১ লাখ ৭৯ হাজার রুপি। বিয়েকে ঘিরে ইতিমধ্যে উদয়পুরের বিভিন্ন বিলাসবহুল রিসোর্ট ও বুটিক হোটেলের কক্ষভাড়াও বেড়েছে বলে জানা গেছে। এরই মধ্যে শুরু হয়েছে প্রাক্-বিয়ের আয়োজন—পুল পার্টির পর ২৪ ফেব্রুয়ারি মেহেদি, ২৫ ফেব্রুয়ারি হলদি ও সংগীত, আর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মূল বিয়ের আসর। পাহাড়, হ্রদ আর রাজকীয় আবহে এই তারকা বিয়ে চলতি বছরের অন্যতম আলোচিত আয়োজন হতে যাচ্ছে।
প্রবাহ নিউজ






